উত্তরা প্রতিদিন
ঢাকা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ

টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনের টিটিদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।

অভিযোগের শিকার শিক্ষার্থী ফোরকান উদ্দীন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে কোনো রসিদ না দিয়েই অতিরিক্ত টাকা আদায় করছিলেন দায়িত্বে থাকা টিটিরা। এ নিয়ে আপত্তি জানালে ফোরকান উদ্দীনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন টিটি তার ওপর চড়াও হয়ে মারধর করেন। এতে তার পায়ে আঘাত লাগে এবং চশমা ভেঙে যায়।

ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইন অবরোধ করেন। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা একাধিক আন্তঃনগর ও মেইল ট্রেন স্টেশনে আটকে পড়ে। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার বলেন, রাত সাড়ে ৩টার দিকে মারধরের খবর পেয়ে তারা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তার দাবি, সংশ্লিষ্ট শিক্ষার্থী কেবল রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করেছিলেন। এ কারণেই তাকে দুই বগির মাঝখানে নিয়ে কিল-ঘুষি মারা হয়। গেট বন্ধ না থাকলে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ হারাতেও পারতেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, রসিদবিহীন টাকা আদায়ের মতো অনিয়মের কারণেই রেলওয়ের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের দুর্নীতির প্রতিবাদ করায় একজন শিক্ষার্থীর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে ঘটনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, ঘটনার বিষয়ে দুই পক্ষের বক্তব্য ভিন্ন। প্রকৃত ঘটনা জানতে তদন্ত করা হবে। তবে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত টিটিকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি জানান, সকালে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করা হলেও তারা সন্তুষ্ট হননি। ফলে রেললাইন অবরোধ অব্যাহত রয়েছে। সকাল থেকে কেবল ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ছেড়ে যেতে পেরেছে, অন্য ট্রেনগুলো রাজশাহী স্টেশনেই আটকে আছে।

এ ঘটনায় শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, রসিদবিহীন অর্থ আদায় বন্ধ এবং নিরাপদ ও জবাবদিহিমূলক রেলসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তদন্তের ফলাফলের ওপর পরিস্থিতির পরবর্তী অগ্রগতি নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Read more — উত্তরাঞ্চল
Home