উত্তরা প্রতিদিন
ঢাকা

আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময়

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ণ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময়

গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং নগরীর আইন-শৃঙ্খলা ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় রাজশাহী এডিটরস ফোরামের নেতারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান নানা সুবিধা-অসুবিধা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই সঙ্গে নগরীর ট্রাফিকজট, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক ও জুয়ার বিস্তার, সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখার প্রবণতা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি সমস্যাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মতবিনিময় সভা দুই পক্ষের মধ্যে আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহসভাপতি ও আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমানসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Read more — উত্তরাঞ্চল
Home