উত্তরা প্রতিদিন
ঢাকা

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২০ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিভাগীয় শহর রাজশাহী থেকে নেসকোর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সরিয়ে নেওয়ার উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে এবং কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

এ সময় বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশিষ্টজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচি সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যদি নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হয়, তবে রাজশাহীবাসী বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। দাবি পূরণ না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি শেষে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আফাজ উদ্দিনের মাধ্যমে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগের খবরে রাজশাহীবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে রাজশাহীর প্রশাসনিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে গত ১৬ জুলাই নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সম্ভাব্য আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে বলা হয়েছে। এ চিঠি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে রাজশাহীতে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home