উত্তরা প্রতিদিন
ঢাকা

জিআই স্বীকৃত পানের প্রতীক নিয়ে মোহনপুরে সীমানা পিলার

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২০ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
জিআই স্বীকৃত পানের প্রতীক নিয়ে মোহনপুরে সীমানা পিলার

জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া রাজশাহীর মোহনপুরের ঐতিহ্যবাহী পান এবার স্থায়ীভাবে জায়গা করে নিল উপজেলার প্রবেশমুখে। পানের প্রতীক সংবলিত দৃষ্টিনন্দন সীমানা পিলার নির্মাণের মাধ্যমে মোহনপুরের কৃষি ঐতিহ্য ও নিজস্ব পরিচয়কে নতুন মাত্রা দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার এলাকায় নির্মিত সীমানা পিলারের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রতিটি উপজেলার প্রবেশমুখে তার নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক বহনকারী একটি সীমানা পিলার থাকা প্রয়োজন। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে মোহনপুরে সেই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। জিআই স্বীকৃত মোহনপুরের পান এ উপজেলার গর্ব, অর্থনীতি ও স্বাতন্ত্র্যের প্রতীক। তাই সীমানা পিলারে পানের প্রতীক সংযোজনের মাধ্যমে উপজেলার পরিচয়কে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

তিনি জানান, সীমানা পিলারের পাশে ‘এক নজরে মোহনপুর’ শিরোনামে একটি তথ্যফলক স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে উপজেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষি ও সম্ভাবনা সম্পর্কে দর্শনার্থীরা সহজেই ধারণা পাবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে মোহনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জেলায় মোহনপুরের পানের ব্যাপক চাহিদা ও সুনাম রয়েছে। সেই ঐতিহ্যকে দৃশ্যমান করতেই সীমানা পিলারের শীর্ষে পানের প্রতীক সংযোজন করা হয়েছে। এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং মোহনপুরের কৃষি ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক।

মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হয়েছে। এই প্রতীক নতুন প্রজন্মকে মোহনপুরের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করবে।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তজা বলেন, এলাকার ঐতিহ্যকে ধারণ করে একটি সীমানা পিলার নির্মাণের দাবি বহুদিনের ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home