
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন দ্রুত হচ্ছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বেড়েছে। তাই সাংবাদিকদের শুধু তথ্য সংগ্রহ করলেই চলবে না, প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে নির্ভুলভাবে প্রকাশ করতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতার নতুন সম্ভাবনা তৈরি করলেও এর ব্যবহার হতে হবে দায়িত্বশীলতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে।
আজ বুধবার সকালে রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্ত। এসময় স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির ফলে সংবাদ সংগ্রহ ও প্রচারের গতি বেড়েছে, তবে একই সঙ্গে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ছে। এ বাস্তবতায় ফ্যাক্ট চেকিং এখন সাংবাদিকতার অপরিহার্য অংশ।
তিনি আরও বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এই প্রযুক্তির ব্যবহার অবশ্যই নৈতিকতা, দায়িত্ববোধ ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে করতে হবে। দক্ষ তথ্য যাচাইয়ের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশন করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, সময়ের চাহিদা অনুযায়ী সাংবাদিকদের নতুন প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই এবং পেশাগত নৈতিকতার চর্চা আরও শক্তিশালী করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ রাজশাহীর সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় জানানো হয়, রাজশাহীর সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রশিক্ষণে এআইয়ের কার্যকর ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ভুয়া তথ্য শনাক্তকরণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব, সাংবাদিকতার নীতিমালা এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

