উত্তরা প্রতিদিন
ঢাকা

ঢলতা প্রথা বাতিল ও আম প্রসেসিং সেন্টারের দাবিতে বানেশ্বরে মানববন্ধন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৪ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
ঢলতা প্রথা বাতিল ও আম প্রসেসিং সেন্টারের দাবিতে বানেশ্বরে মানববন্ধন

রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাটে আমের প্রচলিত 'ঢলতা' প্রথা বাতিল, উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং রাজশাহীতে আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন আমচাষি ও ব্যবসায়ীরা।

আজ মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটের সামনে চারঘাট-রাজশাহী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আমচাষি, ব্যবসায়ী ও আম খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন আমের ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তারা বলেন, আম বিপণনে প্রচলিত 'ঢলতা' প্রথার কারণে উৎপাদক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রথা বাতিল করে ওজনভিত্তিক স্বচ্ছ বেচাকেনা নিশ্চিত করলে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

তারা আরও বলেন, রাজশাহী অঞ্চলে প্রতিবছর বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও পর্যাপ্ত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা না থাকায় মৌসুমের শেষদিকে কৃষকদের কম দামে আম বিক্রি করতে বাধ্য হতে হয়। এ ক্ষতি কমাতে দ্রুত রাজশাহীতে একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবি জানান বক্তারা।

মানববন্ধন থেকে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি দুপুর ১২টার দিকে শেষ হয়।

Read more — উত্তরাঞ্চল
Home