
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, চারঘাট ও বাঘা উপজেলার কোনো রাস্তা কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সব কাঁচা সড়ক উন্নয়ন করে জনগণের চলাচল উপযোগী করা হবে।
আজ সোমবার সকালে চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি আবু সাইদ চাঁদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই পদ্মার দুর্গম চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। এতে দীর্ঘদিনের নিরাপত্তা সংকট অনেকটাই দূর হবে।
তিনি আরও বলেন, চারঘাট-বাঘার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ, লাইব্রেরি স্থাপন এবং শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশিদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট এবং ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

