
রাজশাহী মহানগরবাসীর জন্য আধুনিক বিনোদন ও অবকাশযাপনের নতুন ঠিকানা হিসেবে পদ্মা আবাসিক এলাকায় নির্মিত 'আরডিএ পার্ক ও রেস্ট হাউজ' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)।
উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নবনির্মিত পার্ক ও রেস্ট হাউজের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় ভূমিমন্ত্রী বলেন, নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণ এবং পরিবার-পরিজনের সঙ্গে অবসর কাটানোর জন্য আরডিএ পার্ক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। আধুনিক ও উন্মুক্ত বিনোদন সুবিধা নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি আরডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

