উত্তরা প্রতিদিন
ঢাকা

মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে মোহনপুর থানার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন- মোহনপুর উপজেলার নায়েব আলী (৪৩)। তবে অভিযানের সময় অপর এক অভিযুক্ত মো. শহীদুল্লাহ ওরফে রাজু (৫৫) পালিয়ে যান।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় - কেশরহাট বাজারের একটি অফিসকক্ষে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে নায়েব আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, নায়েব আলী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি।

এ ঘটনায় মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Read more — উত্তরাঞ্চল
Home