
রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ইটের আঘাতে এক পশুখাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ইব্রাহিমের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুর রাজ্জাক (৫০) একই গ্রামের বাসিন্দা। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্য বিক্রির ব্যবসা করতেন। তাঁর বাবার নাম মো. ভুগোল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় অটোভ্যানচালক জুয়েল রানা (১৬) আহত হন। তিনি বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর বাবার নাম আব্দুল মজিদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে স্থানীয় মকবুল (৫০), তাঁর ছেলে পশুচিকিৎসক শাহীন (২৬) এবং আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন বলে স্থানীয়রা জানান।
নিহতের ছেলে রাজু অভিযোগ করে বলেন, ঘটনার আগের দিন তাঁদের দুটি আম্রপালি আমগাছ থেকে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তি আম চুরি করে বিক্রি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধই পরে সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে মোহনপুর থানার এসআই মোদাচ্ছের খাঁন ও এসআই জাহাঙ্গীর আলম সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোহনপুর থানার এসআই জাহাঙ্গীর আলম সরদার জানান, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

