উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে ফল ও আম মেলার উদ্বোধন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৫ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
রাজশাহীতে ফল ও আম মেলার উদ্বোধন

আমের রাজধানীখ্যাত রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ফল ও আম মেলা-২০২৬’। আজ বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প (প্রথম সংশোধিত)’-এর অর্থায়নে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

নগরীর রেলগেট খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহীর আম ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন, আধুনিক চাষাবাদ প্রযুক্তির প্রসার এবং ফল চাষে কৃষকদের আরও উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ফল চাষ সম্প্রসারণের বিকল্প নেই।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে দেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান আরও বাড়াতে আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, আমচাষি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মেলায় বিভিন্ন জাতের আম ও মৌসুমি ফলের আকর্ষণীয় প্রদর্শনীর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এছাড়া কৃষকদের জন্য তথ্য ও পরামর্শ সেবা, রোগবালাই ব্যবস্থাপনা এবং ফল চাষ বিষয়ক নানা তথ্য সরবরাহ করা হচ্ছে।

Read more — উত্তরাঞ্চল
Home