উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২২ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল করিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।

নিহত রেজাউল করিম একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিযুক্ত রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রেজাউল করিম ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের মধ্যে প্রায়ই বিরোধ হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি একটি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন। ঘটনার পর রাকিবুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা আহত রেজাউলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের লাঠির আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুর করিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Read more — উত্তরাঞ্চল
Home