উত্তরা প্রতিদিন
ঢাকা

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে চাষাবাদে আগ্রহ হারাবেন কৃষক

রাজশাহীতে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৩ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে চাষাবাদে আগ্রহ হারাবেন কৃষক

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম. এম. আরিফ পাশা বলেছেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে তারা ভবিষ্যতে চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। তাই কৃষি ও কৃষককে টিকিয়ে রাখতে সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।

আজ শনিবার রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত ‘আঞ্চলিক বিপণন কর্মশালা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করা হয়।

মহাপরিচালক বলেন, এতদিন কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত পণ্যের দীর্ঘমেয়াদি সংরক্ষণ, আধুনিক হিমাগার স্থাপন এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যের গুণগত মান ও বাজারমূল্য বৃদ্ধি করতে হবে।

তিনি জানান, সরকার এমন একটি ব্যবস্থা চালুর বিষয়ে চিন্তা করছে, যার মাধ্যমে কৃষকরা গুদামে পণ্য সংরক্ষণ করে তার বিপরীতে ঋণ সুবিধা পাবেন। ফলে মৌসুমে কম দামে কৃষিপণ্য বিক্রি করতে তারা বাধ্য হবেন না।

এম. এম. আরিফ পাশা আরও বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় ডিজিটাল বিপণন সুবিধা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি রাজশাহী অঞ্চলে সরকারিভাবে একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। দীর্ঘমেয়াদে সুফল পেতে ব্যবসায়িক নৈতিকতা ও মূল্যবোধ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক শাহানা আখতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘পার্টনার’ প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র মনিটরিং অফিসার মো. বায়েজিদ বোস্তামী।

দিনব্যাপী এ কর্মশালায় রাজশাহী বিভাগের কৃষি বিপণন সংশ্লিষ্ট কর্মকর্তা, সফল উদ্যোক্তা ও বিভিন্ন অংশীজনসহ প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় বিভাগের কৃষি বিপণন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ ও মূল্য সংযোজন বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক ও আইএফএডির যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘পার্টনার’ প্রকল্পের মোট ব্যয় ৭৬০ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক অর্থায়ন ৫৯৭ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পের আওতায় সারা দেশে ২০ হাজার যুবক ও নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, ইনকিউবেশন সাপোর্ট এবং ম্যাচিং গ্র্যান্ট সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া আম, আলু, কাঁঠাল, টমেটো ও সুগন্ধি চালকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে পণ্যভিত্তিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে রাজশাহী বিভাগের ২৯টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

Read more — কৃষি
Home