উত্তরা প্রতিদিন
ঢাকা

তরুণদের নেতৃত্বে এসআরএইচআর নেটওয়ার্ক গঠনে কর্মশালা

উত্তরা প্রতিবেদক ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ণ
তরুণদের নেতৃত্বে এসআরএইচআর নেটওয়ার্ক গঠনে কর্মশালা

যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ে তরুণদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে রাজশাহীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর উপশহরের ২ নম্বর সেক্টরে হক ভিলায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে প্রজনন স্বাস্থ্য, প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচির (আরএইচস্টেপ) ‘আনলকিং ইয়ুথ পটেনশিয়াল’ (ইউওয়াইপি) প্রকল্প।

কর্মশালায় স্কুল-কলেজের শিক্ষার্থী, কিশোর-কিশোরী, প্রতিবন্ধী তরুণ-তরুণী, প্রান্তিক জনগোষ্ঠী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং এনজিও–সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকদের মতে, তরুণদের নেতৃত্বে একটি টেকসই নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিতকরণে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে তরুণদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব হবে।

কর্মশালায় প্রধান অতিথি রাজশাহী পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার হচ্ছে মানবাধিকারের একটি মৌলিক অংশ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখনও দেখতে পাই—কিশোর-কিশোরীদের মধ্যে বাল্যবিয়ে, প্রজনন স্বাস্থ্য সেবা গ্রহণে বাধা, নিরাপদ মাতৃত্ব বিষয়ে সচেতনতার ঘাটতি, প্রতিবন্ধী ও প্রান্তিক তরুণদের সেবার বাইরে থেকে যাওয়া। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং তরুণ নেতৃত্বাধীন নেটওয়ার্ক। তরুণরা নিজের অভিজ্ঞতা থেকে কথা বলতে পারে, তারা নিজেদের সমস্যা নিজেরাই চিহ্নিত করতে পারে, আর সবচেয়ে বড় কথা—তাদের নেতৃত্বেই পরিবর্তন সম্ভব। সেক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য তরুণদের মধ্যে বিশ্বাস তৈরি করা এবং একটি নেটওয়ার্ক তৈরি করা খুবই জরুরি। এই নেটওয়ার্ক শুধু তথ্য বিনিময় নয়, বরং অভিজ্ঞতা ভাগাভাগি, সমস্যা সমাধান এবং নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখে। আমার বিশ্বাস, এই কর্মশালা থেকে আমরা সেই পরিবর্তনের রূপরেখা খুঁজে পাব। আর আজকের আলোচনা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।

আরএইচস্টেপ রাজশাহীর ইউনিট ম্যানেজার মো. মামুনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগরীর মহিষবথান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক ও রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম। এসময় স্বাগত বক্তব্য দেন ইউওয়াইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার।

ইউওয়াইপি প্রকল্পের ইয়ুথ অফিসার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণকারীরা এসআরএইচআর–সংক্রান্ত জ্ঞান, নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্ক গঠন ও নীতি–প্রচারণা কৌশল বিষয়ে আলোচনা করেন। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ তরুণদের আরও সচেতন ও কার্যকরভাবে সম্পৃক্ত করবে।

Read more — উত্তরাঞ্চল
Home