উত্তরা প্রতিদিন
ঢাকা

জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

উত্তরা প্রতিদিন ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক ২০ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

জনবসতিপূর্ণ এলাকায় অটো রাইস মিল ও ব্রান অয়েল মিল স্থাপনের অনুমোদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। পরিবেশ আইন লঙ্ঘন করে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার ইস্তা গ্রামের ভেলুপাড়ায় নির্মাণাধীন একটি কারখানার কার্যক্রম চালুর জন্য করা আপিল আবেদন মঞ্জুরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

আজ শনিবার বেলা ১১টার দিকে ‘ঈশ্বরদী উপজেলা পরিবেশ রক্ষা কমিটি ও পরিবেশবাদী সচেতন জনতা’র ব্যানারে ইস্তা ভেলুপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েকশ স্থানীয় বাসিন্দা অংশ নেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিবেশ রক্ষা কমিটির সহসভাপতি শামীম আহমেদ। তিনি বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষার দাবিতে ২০১৮ সাল থেকে ওই এলাকায় রাইস মিল ও ব্রান অয়েল মিল স্থাপনের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন তারা। এর ধারাবাহিকতায় ২০২২ সালে পরিবেশ অধিদপ্তর মধু বিশ্বাসের নির্মাণাধীন আর বি রাইস ব্রান অয়েল মিলের অবস্থানগত ছাড়পত্রের আবেদন নামঞ্জুর করে।

তিনি অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে করা আপিল আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করা হয়েছে। অথচ ছাড়পত্র পাওয়ার আগেই কারখানার নির্মাণকাজ শুরু করা হয়েছিল। এখন আপিল মঞ্জুরের সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শামীম আহমেদ বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় শিল্পকারখানা স্থাপন করা হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। কারখানা থেকে নির্গত ধোঁয়া, ছাই, দূষিত পানি ও বর্জ্য মানুষের স্বাস্থ্য, কৃষিজমি এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় আপিল মঞ্জুরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দাবি আদায় না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার, শরিফা খাতুন, তরিকুল ইসলাম, আলহাজ তুহিন হোসেন, দুলাল মণ্ডল ও হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আর বি রাইস ব্রান অয়েল মিলের মালিক মধু বিশ্বাস। তিনি বলেন, কারখানা চালুর জন্য নতুন করে কোনো আবেদন করা হয়নি; আগের আবেদনটিই শর্তসাপেক্ষে পুনর্বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, একটি মহল দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছে। আইন ও বিধি-বিধান মেনেই তিনি কাজ করে যাচ্ছেন।

Read more — উত্তরাঞ্চল
Home