উত্তরা প্রতিদিন
ঢাকা

বাঘায় বিদ্যুতের খুঁটিতে উঠে যুবকের মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা প্রতিদিন বাঘা প্রতিবেদক ১৯ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
বাঘায় বিদ্যুতের খুঁটিতে উঠে যুবকের মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর তার মরদেহ খুঁটিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আজ শুক্রবার সকালে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গোচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন আলী ওই গ্রামের মৃত ভাদু কসাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্রামবাসী বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, এলাকায় কয়েকদিন ধরে লোডশেডিং চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে মামুন আলী বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা করেন। এ সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Read more — উত্তরাঞ্চল
Home