উত্তরা প্রতিদিন
ঢাকা

বড় বিহানালী ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৭ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ
বড় বিহানালী ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিরা - উত্তরা প্রতিদিন

রাজশাহীর বাগমারা উপজেলার বড় বিহানালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা। 

 

সোমবার (১৫ জুন) বড় বিহানালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বড় বিহানালী ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড ও ০৯ নম্বর ওয়ার্ড মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উভয় দলের সমর্থকদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করলেও খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে ম্যাচটি সম্পন্ন করেন। 

 

রুদ্ধশ্বাস এই ফাইনাল ম্যাচে ০৯ নম্বর ওয়ার্ড দল ১-০ গোলে ০৩ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত বাগমারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো. অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড় বিহানালী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াত মনোনীত বড় বিহানালী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. সৈয়দ আলী মোল্লা। 

 

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Read more — উত্তরাঞ্চল
Home