উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৩ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
রাজশাহীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

এর আগে একই দিনে কক্সবাজারের ডুলাহাজারায় দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে সারাদেশের মতো রাজশাহীতেও একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।

রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ কদম চারা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জাম চারা, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কাঁঠাল চারা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম কাঠবাদাম চারা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আম চারা, সামাজিক বন বিভাগ বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম জলপাই চারা এবং সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম আমলকী চারা রোপণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কর্মসূচির সফল বাস্তবায়ন এবং দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির আওতায় নিম, কদম, কাঠবাদাম, জাম, চালতা, আম, পেয়ারা, কাঁঠাল, জলপাই ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

আয়োজকরা জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীতেও পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশ এবং খাসজমিতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

Read more — উত্তরাঞ্চল
Home