উত্তরা প্রতিদিন
ঢাকা

ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব: এমপি মিলন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১২ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ
ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব: এমপি মিলন

রাজশাহীর পবা উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

‘মেধা-বিজ্ঞান উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জনবান্ধব বাজেট প্রণয়ন করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কর, শুল্ক ও ভ্যাট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমপি মিলন বলেন, দেশের মেধাবী তরুণরা যেন বিদেশমুখী না হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ অপরিহার্য।

শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন, মহাকাশ বিজ্ঞান এবং স্থানীয় সমস্যা সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্পগুলো ভবিষ্যতের সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, সুরক্ষা ও জ্ঞানচর্চার অনুকূল পরিবেশ দিতে পারলে একটি শান্তিপূর্ণ, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ড ভবিষ্যতে কার্যকর উদ্যোগে রূপ নিতে পারে।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১২টি স্টলে তাদের প্রকল্প উপস্থাপন করে। ‘স্টার্টআপ’ বিভাগে স্থানীয় সম্পদ ব্যবহার করে পরিবেশবান্ধব ও লাভজনক ব্যবসায়িক মডেল তুলে ধরা হয়। নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা বাঁশ ও মাটি দিয়ে তৈরি বিভিন্ন ব্যবহার্য সামগ্রী প্রদর্শন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

‘বিজ্ঞান প্রকল্প’ বিভাগে বাগধানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক প্রকল্প উপস্থাপন করে। অন্যদিকে ‘ইনোভেশন আইডিয়া’ বিভাগে মল্লিকপুর রণহাট কুখন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমে কৃষিজমিতে জমে থাকা পানির কার্যকর ব্যবহারের একটি উদ্ভাবনী ধারণা তুলে ধরে।

আয়োজন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এদিকে একই দিনে মোহনপুর উপজেলায় অনুষ্ঠিত অনুরূপ কর্মসূচিতেও অংশ নেন সংসদ সদস্য শফিকুল হক মিলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান, একাডেমিক সুপারভাইজার আয়েশা নাজনীন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Read more — উত্তরাঞ্চল
Home