উত্তরা প্রতিদিন
ঢাকা

সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১২ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ
সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ, গাইবান্ধায় মূর্তি নির্মাণের প্রতিবাদ এবং হেযবুত তওহীদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

আজ শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সোনাদিঘী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরোপয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ ও মাদরাসায় হামলার অভিযোগ তুলে এর নিন্দা জানান। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে লোকজন প্রবেশ করানোর চেষ্টা চলছে বলে দাবি করে তারা সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও আধুনিক ও কার্যকর সরঞ্জাম দিয়ে শক্তিশালী করা প্রয়োজন। তারা সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

সমাবেশে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন নেতারা। তারা অভিযোগ করেন, সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধবিরোধী কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে, যা দেশের ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না।

নতুন অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বক্তারা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজারদর রাখার দাবি জানান। পাশাপাশি গাইবান্ধায় মূর্তি নির্মাণের ঘটনার সমালোচনা করে তারা হেযবুত তওহীদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার আহ্বান জানান।

দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর খেলাফত মজলিসের সভাপতি মুফতি জমির হোসেন জমিরী, সহ-সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ তালহা, যুববিষয়ক সম্পাদক মীর ফরহাদ, হেফাজতে ইসলামের জেলা যুববিষয়ক সম্পাদক মুফতি কামরুজ্জামান, সদস্য হাফেজ মাওলানা হোসায়েন আহমেদ দেওয়ান এবং ছাত্রবিষয়ক সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Read more — উত্তরাঞ্চল
Home