উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১০ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ণ
রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

রাজশাহীর মোহনপুর উপজেলায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী মাহিন্দ্রাটি খাড়ইল মিলঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মারা যান ব্যাংক কর্মকর্তা মারুফ হোসেন। তার মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে। এছাড়া, পরে গুরুতর আহত আরেক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home