উত্তরা প্রতিদিন
ঢাকা

প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৯ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা

দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে আবারও পুলিশি জীবনে ফিরেছিলেন উপপরিদর্শক (এসআই) জীবন রহমান। মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে দায়িত্ব পালনের নতুন স্বপ্নে বিভোর ছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষণ মাঠেই আকস্মিক মৃত্যু হয়েছে তার।

সোমবার (৮ জুন) বিকেলে পুলিশ একাডেমির মৌলিক প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের নির্ধারিত কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত জীবন রহমানের (৪৫) বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে অন্যান্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে দৌড়াচ্ছিলেন জীবন রহমান। একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করে মাঠে বসে পড়েন। অবস্থার অবনতি হলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব নয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করলেও বিভিন্ন কারণে জীবন রহমানের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। পরে চাকরিচ্যুত হওয়ার পর সম্প্রতি পুনর্বহাল হয়ে তিনি আবার প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পান। নতুন উদ্যমে কর্মজীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

জীবন রহমানের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সংগ্রামের পর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করার যে স্বপ্ন তিনি লালন করেছিলেন, তা অপূর্ণ রেখেই বিদায় নিতে হলো তাকে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more — উত্তরাঞ্চল
Home