উত্তরা প্রতিদিন
ঢাকা

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৬ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ণ
বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে ওঠলে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত কিশোর মো. সাজ্জাদের বাবার নাম মো. সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেইট মসজিদের পেছনের একটি বাসায় ভাড়া থাকেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ একটি বাড়ির টিন ও তারের সঙ্গে ঝুলে ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Read more — উত্তরাঞ্চল
Home