উত্তরা প্রতিদিন
ঢাকা

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা

‌'প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি'— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা।

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি বর্তমানে অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। বিশেষ করে তরুণদের লক্ষ্য করে বিভিন্ন কৌশলে তামাকজাত পণ্যের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা হয়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, তামাক সেবনের কারণে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের জটিলতাসহ নানা প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ে। পাশাপাশি পরোক্ষ ধূমপানের শিকার ব্যক্তিরাও স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকেন। তাই ব্যক্তি, পরিবার ও সমাজের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

Read more — উত্তরাঞ্চল
Home