উত্তরা প্রতিদিন
ঢাকা

নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছে রাসিক

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছে রাসিক

রাজশাহী মহানগরীতে পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। ঈদের দিন দ্রুততম সময়ের মধ্যে নগরী পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ঘোষিত সময়ের আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে রাসিক।

জানা গেছে, ঈদের দিন দুপুর ১২টা থেকে মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নিজে মাঠে থেকে কার্যক্রম তদারকি করেন। তিনি বুলনপুর এসটিএস, রুয়েট সংলগ্ন এসটিএস, রাবি এসটিএসসহ বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।

রাসিক সূত্রে জানা যায়, প্রশাসকের গতিশীল নেতৃত্বে ১ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মী নিরলসভাবে কাজ করেন। নগরীর প্রতিটি ওয়ার্ডে দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণের পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয়। এ কাজে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও জনবল সার্বক্ষণিকভাবে নিয়োজিত ছিল।

দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত পাড়া-মহল্লা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করে ভ্যানযোগে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এ নেওয়া হয়। পরে রাতের মধ্যেই সেখান থেকে বর্জ্য ভাগাড়ে স্থানান্তর করা হয়। ফলে ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পান রাজশাহীর বাসিন্দারা।

এ সফলতায় নগরবাসী, পরিচ্ছন্নকর্মী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, “নাগরিকদের সহযোগিতা ও পরিচ্ছন্নকর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই নির্ধারিত সময়ের আগেই মহানগরী পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে। নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।”

দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসীও। সাহেববাজার এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, “কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের তৎপরতা খুবই প্রশংসনীয় ছিল। নির্ধারিত সময়ের আগেই নগরী পরিষ্কার হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।”

উপশহর এলাকার গৃহিণী শারমিন আক্তার বলেন, “কোরবানির মাংস সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দেওয়ার উদ্যোগটি খুব ভালো লেগেছে। এতে পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয়েছে।”

লক্ষ্মীপুর এলাকার ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, “ঈদের দিনেই প্রশাসক নিজে মাঠে থেকে কাজ তদারকি করেছেন, এটা সত্যিই প্রশংসনীয়। এত দ্রুত বর্জ্য অপসারণ হওয়ায় কোনো দুর্গন্ধ বা ভোগান্তি হয়নি।”

উল্লেখ্য, এবার প্রথমবারের মতো রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় দুটি পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হয়। এই উদ্যোগ নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Read more — উত্তরাঞ্চল
Home