
ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ।
পৌরসভা সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী প্রতিদিন পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশা নিধনের ওষুধ ছিটানো হবে। পাশাপাশি নালা-নর্দমা, ড্রেন, খোলা জলাশয় ও আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হচ্ছে।
পৌরসভার এক কর্মকর্তা জানান, মশার বংশবিস্তার রোধে এ অভিযান নেওয়া হয়েছে। তবে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ কার্যক্রম সফল করা সম্ভব নয়।
এদিকে পৌরসভা থেকে নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে, তারা যেন নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখেন, জমে থাকা পানি সরিয়ে ফেলেন এবং পৌরসভার কার্যক্রমে সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “সঠিক সময়ে এ ধরনের কার্যক্রম শুরু হওয়ায় আমরা আশাবাদী। তবে নিয়মিতভাবে এ উদ্যোগ চালু থাকলে আরও ভালো হতো।”
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, মশামুক্ত শহর গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

