উত্তরা প্রতিদিন
ঢাকা

টেকসই জ্বালানি ভবিষ্যতের জন্য এখনই পদক্ষেপ জরুরি

উত্তরা প্রতিবেদক ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ণ
টেকসই জ্বালানি ভবিষ্যতের জন্য এখনই পদক্ষেপ জরুরি

বাংলাদেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখনই প্রয়োজন স্বচ্ছ মূল্যহার, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কাঠামো এবং দক্ষ নিয়ন্ত্রক সংস্থা। অন্যথায় আমদানি নির্ভরতা, জ্বালানি ঘাটতি ও মূল্য অস্থিরতা অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহীর আলকার মোড়ে মাইডাস রেস্টুরেন্টে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী আয়োজিত “ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি রূপান্তর নীতি–২০২৪” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব মতামত দেন।

বক্তারা জানান, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি–৭) অর্জনে সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করা জরুরি। বর্তমানে দেশের প্রায় ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হচ্ছে, যা ২০৩০ সালের মধ্যে ৭৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাঁরা আরও বলেন, একজন মানুষ বছরে রান্নার জন্য অন্তত ৩৫ কেজি এলপিজি ও ১২০ ইউনিট বিদ্যুৎ না পেলে তাকে ‘জ্বালানি দরিদ্র’ হিসেবে বিবেচনা করা হয়। জ্বালানি দারিদ্র্য দূর না হলে অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমানের উন্নতি সম্ভব নয়।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বিকল্প জ্বালানি উৎসে বিনিয়োগ, সঠিক মূল্যনীতি প্রণয়ন ও দুর্নীতি দমনকে টেকসই জ্বালানি নিরাপত্তার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন ক্যাব যুব সংসদ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী। প্রধান অতিথি ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম। তিনি বলেন, “জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নীতি সহায়তা, ন্যায্য মূল্যহার ও বেসরকারি বিনিয়োগ একসাথে কাজ করলে বাংলাদেশও উন্নত দেশের মতো টেকসই জ্বালানি নিরাপত্তা অর্জন করতে পারবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাব বাংলাদেশের উপদেষ্টা (অভিযোগ) ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম, ক্যাব রাজশাহী জেলার সভাপতি কাজি গিয়াস, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ সুমন, নদী গবেষক মাহবুব সিদ্দিকী, সাংবাদিক রেজাউর করিম রাজু ও আহমেদ সফিউদ্দিন।

আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা তাজনুর ও অরিত্র রোদ্দুর ধর, মেহবুবা আফরোজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফি সিরাজি অন্তর ও এমআরবি তাহসিন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মারুফ কলি, প্রোগ্রাম অফিসার সায়েদুল আবরারসহ রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি।

বক্তারা জ্বালানি রূপান্তর বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দেন। তাঁদের মতে, “স্বচ্ছতা, জবাবদিহি ও জনসচেতনতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, আর এ ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Read more — উত্তরাঞ্চল
Home