উত্তরা প্রতিদিন
ঢাকা

তানোরে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত এলাকা ঘোষণায় মতবিনিময় সভা

উত্তরা প্রতিদিন বরেন্দ্র অঞ্চল প্রতিবেদক ২০ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
তানোরে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত এলাকা ঘোষণায় মতবিনিময় সভা

রাজশাহীর তানোর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং তানোরকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর তানোর এরিয়া প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। তিনি বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের অধিকার হরণের শামিল। এসব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক শিশুর নিরাপদ শৈশব ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রমে যুক্ত করা কিংবা অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসিতদন্ত) মোয়াজ্জেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র যুব সদস্য সারোয়ার হোসেন ও মুক্তা খাতুনের যৌথ সঞ্চালনায় এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এপি প্রোগ্রাম অফিসার ঝুনু লিমা বৈদ্য, প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র উপকার ভোগী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকসহ তানোর এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া প্রোগ্রামের ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাশ মুর্মু সভাপতিত্ব করেন ও সার্বিক বিষয় তুলে ধরেন।

Read more — উত্তরাঞ্চল
Home