
রাজশাহী শাহমখদুম কলেজের সাবেক অধ্যক্ষ, রাজশাহী অ্যাসোসিয়েশন ও রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ ড. তসিকুল ইসলাম রাজার জানাজার নামাজ আজ বুধবার বাদ আছর রাজশাহী মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. তসিকুল ইসলাম রাজা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় তিনি ঢাকায় ছেলের বাসায় ছিলেন। মেয়ের বিদেশ থেকে দেশে ফেরার পর মরদেহ রাজশাহীতে এনে দাফন করা হলো।
ড. তসিকুল ইসলাম রাজা ১৯৫৩ সালের ১১ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে শাহমখদুম ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৩ সালে অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন।
সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমির সা’দাত আলী আকন্দ সাহিত্য পুরস্কার (২০২১) ও রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন।

