
গণঅধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামীর বিরোধী দল হওয়ার মতো রাজনৈতিক সক্ষমতা নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারঘেঁষা হওয়ার জন্য জামায়াত পারফেক্ট।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াতের রাজনীতি মূলত ক্ষমতাসীনদের সঙ্গে থেকে সুবিধা নেওয়া এবং ব্যবসা-বাণিজ্যকেন্দ্রিক। এর বাইরে গেলে দলটি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। তিনি দাবি করেন, ১৯৭১ সালের ভূমিকার কারণে দলটির মধ্যে এক ধরনের ‘হীনমন্যতা’ রয়েছে, যা তাদের সামনে এগোতে বাধা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী অবস্থানের কারণে রাষ্ট্রযন্ত্রও কখনো জামায়াতকে পূর্ণ সমর্থন দেবে না। ফলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা কার্যকর বিরোধী দলে পরিণত হওয়া দলটির জন্য বড় চ্যালেঞ্জ।
রাশেদ খানের ভাষ্য, এমন পরিস্থিতি তৈরি হলে মুক্তিযুদ্ধের পক্ষের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে জামায়াতবিরোধী অবস্থান নেবে—এ আশঙ্কা দলটির মধ্যেও রয়েছে। এ কারণেই তারা সময়ভেদে কৌশলী অবস্থান নেয় এবং ক্ষমতার অংশীদারিত্বের চেষ্টা করে।
প্রসঙ্গত, গণঅধিকার পরিষদ ছাড়ার পর জাতীয় নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহের একটি আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় আসেন তিনি।

