উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে এমপির বিরুদ্ধে আ.লীগ পুনর্বাসন, বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে এমপির বিরুদ্ধে আ.লীগ পুনর্বাসন, বিএনপির নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন, সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে অনিয়ম এবং নিজ দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতারা। এসব বিষয়ে প্রশ্ন তুললেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং সাংগঠনিকভাবে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

আজ সোমবার দুপুরে রাজশাহী নগরের অলোকার মোড়ে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীরা। তারা এসব অভিযোগের তদন্ত, মামলা প্রত্যাহার এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের প্রত্যাহার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও অভিযোগ তুলে ধরেন পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী এবং সাবেক ছাত্রনেতা আহসান হাবিব।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সম্প্রতি সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষার্থীদের নিয়ে যান সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল। এ সময় তার সঙ্গে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পল্লব সেনগুপ্ত ও আওয়ামী লীগকর্মী মাজহারুল ইসলাম মিন্টুও ছিলেন। আওয়ামী লীগের নেতাদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার ঘটনায় বিএনপির নেতাকর্মীরা হতাশ হয়েছেন বলে দাবি করেন তারা। তারা বলেন, এ ধরনের ব্যক্তিদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পুঠিয়া ও দুর্গাপুরের বেশির ভাগ সরকারি পুকুর সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল আওয়ামী লীগের একজন অর্থদাতাকে দিয়ে চাষ করাচ্ছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে তার সুপারিশে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা অগ্রাধিকার পেয়েছেন। সংসদ সদস্য তার প্যাডে কয়েকজনের নাম এক নম্বর ক্রমিকে রেখে ডিলারশিপ পেতে সহায়তা করেছেন।

অভিযোগে আরও বলা হয়, পুঠিয়া ইউনিয়নে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট রিশাদ হোসেন কেতাব এবং পুঠিয়া পৌরসভা এলাকায় শাহেদ হাসান সার ডিলারশিপ পেয়েছেন। শাহেদ হাসানের বাড়ি ময়মনসিংহ এবং তিনি সংসদ সদস্যের নাতিজামাই বলে দাবি করা হয়। অন্যদিকে, ভাল্লুকগাছি ইউনিয়নে সংসদ সদস্যের সুপারিশে ডিলারশিপ পাওয়া শফিউল ইসলাম জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন নিয়েও প্রশ্ন তোলেন তারা। তাদের অভিযোগ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটিতে সংসদ সদস্য তার পরিবারের সদস্য, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা জামায়াতের নেতাকর্মীদের সভাপতি ও সদস্য হিসেবে মনোনীত করেছেন। এ ছাড়া সরকারি ও দলীয় অনুদান, ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দ এবং উন্নয়নকাজের থোক বরাদ্দ কীভাবে ব্যয় করা হচ্ছে, তা জনসমক্ষে স্পষ্ট করা হচ্ছে না।

এসব বিষয়ে প্রশ্ন তোলায় দুর্গাপুর পৌর ছাত্রদল ও যুবদলের চার নেতাকে বিএনপির নেতাদের মাধ্যমে বহিষ্কার করানো হয়েছে বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে দেলোয়ার সরকার আল-আমীন অভিযোগ করে বলেন, সংসদ সদস্যের বিভিন্ন কর্মকাণ্ড ও আওয়ামী লীগের প্রতি তার পক্ষপাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করলেই বিএনপির নেতাকর্মীদের মামলায় জড়ানো হচ্ছে। গত ১৩ আগস্ট বিড়ালদহ পশ্চিমপাড়া গ্রামের একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তাকেসহ বিএনপির নয়জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে দেলোয়ার বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় তাকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১১ অক্টোবর চারজন নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে। এসব মামলা দায়েরের পেছনে সংসদ সদস্যের চাপ রয়েছে এবং পুঠিয়া থানার ওসি তাকে সহযোগিতা করছেন। মামলার বাদী খন্দকার সোহেল মাহমুদকে ফ্যাসিবাদের দোসর দাবি করে তার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা হাবিব খানের একটি ছবিও দেখান দেলোয়ার। উপজেলা বিএনপির আহ্বায়কসহ কয়েকজন নেতা ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি সংসদ সদস্যের চাপে মামলা নেওয়ার কথা জানিয়েছেন বলেও দাবি করেন দেলোয়ার।

সাবেক ছাত্রনেতা আহসান হাবিব বলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব খান সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা আজাদ মন্ডলের জামাতা। হাবিব খান শ্বশুরবাড়িতে অবস্থান করে সরকার পতনের হুমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সংসদ সদস্য কী পদক্ষেপ নিয়েছেন, তা জানতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাকেও মামলায় হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আহসান হাবিব।

বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী বলেন, 'নির্বাচনের আগে পুঠিয়া-দুর্গাপুরে নজরুল ইসলাম মন্ডল ছাড়াও আরও অনেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যারা নজরুল ইসলাম মন্ডলের পক্ষে ছিলেন না, তাদেরই হয়রানি করা হচ্ছে। আর পুনর্বাসন করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের।

সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের প্রত্যাহার দাবি করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'যাঁরা সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁরা নির্বাচনে আমার পক্ষে কাজ করেননি। বরং আমি মনোনয়ন পাওয়ার পর থেকে দুই-তিন মাস ধরে তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং আমাকে কীভাবে পরাজিত করা যায়, সেই চেষ্টা করেছেন। তাঁরা বিএনপির পক্ষে কাজ করেননি; বরং আমার বিরোধিতা করেছেন। তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড ও অতীত ইতিহাস খোঁজ নিলেই প্রকৃত চিত্র জানা যাবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন কিংবা তাঁদের আমার বা পরিবারের সদস্যদের বাসায় আশ্রয় দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্য ও ভিত্তিহীন। কেননা, সংবাদ সম্মেলনে অনেকে অনেক কথা বলেন। তবে অভিযোগ করলেই তা সত্য হয়ে যায় না। 

Read more — রাজনীতি
Home