উত্তরা প্রতিদিন
ঢাকা

বিয়ের মঞ্চে কুস্তির লড়াই, হারলে সারাজীবন ঘরের কাজ!

বিদেশ ডেস্ক ১৮ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
বিয়ের মঞ্চে কুস্তির লড়াই, হারলে সারাজীবন ঘরের কাজ!

 

চীনের এক নবদম্পতি নিজেদের বিয়েকে স্মরণীয় করে তুলতে আয়োজন করেছিলেন এক ভিন্নধর্মী কুস্তি প্রতিযোগিতার। শর্ত ছিল- যে হারবে, তাকে সারাজীবন ঘরের কাজ সামলাতে হবে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশের জুনই শহরের পেশাদার কুস্তিগীর হে ইনশেং তার স্ত্রীকে নিয়ে এই অভিনব আয়োজন করেন। প্রচলিত বিয়ের মঞ্চের বদলে তারা তৈরি করেন একটি রেসলিং রিং। বড় পর্দায় ভেসে ওঠে ‘Groom vs Bride’ শিরোনামের পোস্টার।

প্রতিযোগিতাটি ছিল ‘বেস্ট অব থ্রি’ ফরম্যাটে। বিয়ের অনুষ্ঠানে বর ও কনে নিজেদের আলাদা দল নিয়ে ম্যাচে অংশ নেন। ম্যাচে পেশাদার রেসলাররাও অংশ নেন এবং দর্শকদের সামনে নানা কুস্তি কৌশল প্রদর্শন করেন। অতিথিরা পুরো আয়োজন বেশ উপভোগ করেন। প্রায় ৩০০ অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেষ পর্বে বর-কনে নিজেরাই রিংয়ে নামেন। দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে কনে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং এক পর্যায়ে বরকে কাঁধের ওপর দিয়ে ছুড়ে ফেলে দেন। এরপর রেফারি কনেকে বিজয়ী ঘোষণা করেন। ফলে ‘আজীবন ঘরের কাজ থেকে অব্যাহতি’ পান তিনি।

যদিও পুরো ম্যাচটি আগেই পরিকল্পিত ও অনুশীলন করা ছিল, তবুও এটি অতিথিদের দারুণভাবে বিনোদন দিয়েছে। বর হে ইনশেং বলেন, ‘শেষ পর্যন্ত আমাকে হারতেই হতো। আমি তো স্ত্রীকে ঘরের সব কাজ করতে দিতে পারি না।’

তিনি জানান, বিয়ের বাজেট প্রত্যাশার চেয়ে বেড়ে যাওয়ায় গায়ক-নৃত্যশিল্পী আনার বদলে এমন একটি কুস্তি আয়োজনের ধারণা তার মাথায় আসে। যদিও দুই পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি, পরে তারা এই সিদ্ধান্তকে সম্মান জানান।

এই আয়োজনের মাধ্যমে চীনে পেশাদার রেসলিং সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তুলতে চান বলেও জানিয়েছেন বর। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

 

Read more — আন্তর্জাতিক
Home