উত্তরা প্রতিদিন
ঢাকা

সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর আশায় পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ১৫ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর আশায় পাকিস্তান

ঘুরে দাঁড়াতেই হবে। নয়তো বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো পাবে টেস্ট সিরিজ হারার লজ্জা। কঠিন সময়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাস হারাচ্ছে না পাকিস্তান। শুক্রবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমনটাই জানিয়েছেন পাকিস্তান টেস্ট দলের হেড কোচ সরফরাজ আহমেদ।

আজ শনিবার সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। মিরপুরে প্রথম টেস্টে সফরকারীরা হেরেছে ১০৪ রান ব্যবধানে। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনে হারের মুখ দেখে পাকিস্তান।

দেশের মাটিতে এটাই ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। স্বাভাবিকভাবেই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে ফিরবে টিম টাইগার্স। আর পাকিস্তানের লড়াইটা হবে সম্মান বাঁচানো এবং সমালোচকদের থামানো।

সংবাদ সম্মেলনে সরফরাজ বলেন, ‘প্রথম টেস্টের পর আমরা খুবই হতাশ, বিশেষ করে দল হিসেবে। কিন্তু পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস আছে। আমাদের জন্য সমালোচনা নতুন কিছু নয়, যখন পারফরম্যান্স বাজে হয়। আর সাবেক খেলোয়াড়দের মন্তব্য আমাদের প্রভাবিত করে না।’

তিনি আরও বলেন, ‘সোশাল মিডিয়ায়  নানান কথাবার্তা হচ্ছে, আমরা সেদিকে কান দিচ্ছি না। আমাদের পুরো মনোযোগ পরের ম্যাচে। আমি আশা করি সিনিয়র খেলোয়াড়রা দায়িত্ব নেবে এবং পরিকল্পনা অনুযায়ী আমরা আলোচনা করব।’

 

Read more — খেলাধুলা
Home