উত্তরা প্রতিদিন
ঢাকা

‘সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না’

উত্তরা ডেস্ক ১৩ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ
‘সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না’

 ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোই তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ আমেরিকানদের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। মঙ্গলবার (১২ মে) চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে না পায়, সেটিই এখন তার প্রশাসনের একমাত্র লক্ষ্য। যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বা অর্থনৈতিক সংকটের প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কঠোর স্বরে জানান, আমি কাউকে নিয়ে ভাবি না। এমন এক সময় মন্তব্যটি করল যখন দেশটির সাধারণ মানুষ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ে দিশেহারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান ট্রাম্পের আগের নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। কারণ নির্বাচনি প্রচারণায় তিনি বরাবরই জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনার কথা বলে আসছিলেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করায় তার সাম্প্রতিক মন্তব্য ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ডেমোক্র্যাট শিবির। বিরোধীদের দাবি, প্রেসিডেন্টের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে সাধারণ মানুষের বাস্তব সমস্যা ও দুর্ভোগ থেকে তিনি অনেকটাই দূরে অবস্থান করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নির্বাচনের আগে এমন স্পর্শকাতর মন্তব্য তার জনসমর্থনে প্রভাব ফেলতে পারে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

Read more — আন্তর্জাতিক
Home