উত্তরা প্রতিদিন
ঢাকা

তালেবানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ণ
তালেবানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধ

তালেবান কর্তৃপক্ষকে নারী সহায়তা কর্মীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভূমিকম্পের পর নতুন বাস্তবতায় ওই আহ্বান জানিয়েছে তারা।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষ মারা গেছেন। প্রচুর সহায়তার প্রয়োজন তালেবান সরকারের। এ রকম একটি সময়ে আফগানিস্তানে নারী সহায়তা কর্মীরা পুরুষ অভিভাবক ছাড়া চলাচল করতে পারছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ওই বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে করে নারী সহায়তা কর্মীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য কাজ করতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফগানিস্তান দপ্তরের ডক্টর মুক্তা শর্মা জানান, সহায়তা কর্মীদের প্রায় ৯০ শতাংশ পুরুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারীরা পুরুষ কর্মীদের সঙ্গে কথা বলতে অস্বস্তি অনুভব করেন ও ভয় পান। এ কারণে আরও নারী সহায়তা কর্মী প্রয়োজন।

১ সেপ্টেম্বরের ওই ভূমিকম্পে ও সেটির আফটারশকে তিন হাজার ছয় শরও বেশি মানুষ মারা গেছেন। হাজারও মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: রয়টার্স

 

Read more — আন্তর্জাতিক
Home