উত্তরা প্রতিদিন
ঢাকা

তেল কম খাওয়া, হোম অফিস ও বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ মোদির

উত্তরা ডেস্ক ১১ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ণ
তেল কম খাওয়া, হোম অফিস ও বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ মোদির

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় দেশটির নাগরিকদের আরও সাশ্রয়ী জীবনযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তেল কম খাওয়া, জ্বালানি সাশ্রয়, হোম অফিস চালু রাখা এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

আজ রোববার এক জনসমাবেশে মোদি বলেন, করোনা মহামারির সময় যেভাবে হোম অফিস ও অনলাইন সভা চালু হয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও তা অনুসরণ করা উচিত। এতে জ্বালানি ব্যবহার কমবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। জ্বালানি সাশ্রয়ের জন্য ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো ও কারপুলের মতো গণপরিবহন ব্যবহারেরও আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

এছাড়া আগামী এক বছর অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান তিনি। ভারতীয়দের আপাতত বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়ে মোদি বলেন, এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অক্ষুণ্ন থাকবে।

ভারতে বিয়ের অনুষ্ঠানে ব্যাপকভাবে সোনা কেনার প্রচলনের প্রসঙ্গ টেনে তিনি এ ক্ষেত্রেও সংযমী হওয়ার আহ্বান জানান।

রান্নার তেল কম খাওয়ার পরামর্শ দিয়ে মোদি বলেন, এতে একদিকে মানুষ সুস্থ থাকবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমবে। তিনি তেল কম খাওয়ার বিষয়টিকে 'দেশপ্রেমের অংশ' বলেও উল্লেখ করেন। একইসঙ্গে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলেও এখন পর্যন্ত দেশটিতে জ্বালানির দাম বাড়ানো হয়নি।

Read more — আন্তর্জাতিক
Home