
ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে অবশেষে সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন ‘তামিলাগা ভেট্টি কাজাগম’ (টিভিকে) প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। বামপন্থী দল সিপিআই, সিপিএম এবং ভিসিকের আকস্মিক সমর্থনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছেন তিনি। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে বিকেল সাড়ে ৪টায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বিজয়ের। এর মধ্য দিয়ে থালাপতি বিজয়ের রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিজয়-নেতৃত্বাধীন টিভিকের জন্য বড়সড় সাফল্য এসেছে বাম শিবির থেকে। সিপিআই এবং সিপিএম উভয় দলই বিজয়কে সমর্থন দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, ভিসিকের প্রধান থল থিরুমাভালাভানও টিভিকের প্রতি সমর্থন দিয়েছেন।
এদিকে, সিপিআই এবং সিপিএম থেকে সমর্থনের ফলে থালাপতি বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়েছে। পূর্বে কংগ্রেসের ৫টি আসনের সঙ্গে বর্তমানে সিপিআই’র ২টি আসন, সিপিএমের ২টি এবং ভিসিকের ২টি আসন মিলিয়ে মোট ১১৮টি আসন পাওয়ায় এখন থালাপতি বিজয়ের সরকার গঠন করতে আর কোনো বাধা রইলো না।

