উত্তরা প্রতিদিন
ঢাকা

ফের গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি

বিদেশ ডেস্ক ৭ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ণ
ফের গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আবারও গভর্নর আরভি আর্লেকারের মুখোমুখি হচ্ছেন তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (টিভিকে) প্রধান বিজয় থালাপতি। নির্বাচনে বড় জয়ের পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এবং একটি স্থিতিশীল সরকার গঠন করার সক্ষমতা নিয়ে আলোচনা করবেন তিনি।

বৃহস্পতিবার (০৭ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় গভর্নরকে জানাবেন যে তিনি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে প্রস্তুত। পাশাপাশি তিনি এও জানাবেন যে গভর্নর যদি দ্বিতীয়বারও সরকার গঠনের আবেদন খারিজ করেন, তাহলে তার দল আইনি পথও বিবেচনায় রেখেছে।

বুধবারও বিজয় গভর্নরের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু তখন টিভিকে নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ থাকায় সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হয়। তবে ধারণা করা হচ্ছিল, বুধবার বিকেলেই বিজয় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কিন্তু গভর্নর তার প্রশাসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ প্রকাশ করায় সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে টিভিকে প্রয়োজনীয় আসন জোগাড় করার চেষ্টা করছে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৮টি আসন। তবে দলটির এখনো ৫টি আসন কম রয়েছে। কংগ্রেসের ৫টি আসনের সমর্থন নিশ্চিত ধরা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

এনডিটিভি জানিয়েছে, ছোট কিছু তামিল দলও সমর্থন দিতে পারে। বিজয় এই দলগুলোকেই বেশি পছন্দ করছেন, কারণ এতে জোট পরিচালনা সহজ হবে। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ২টি আসন রয়েছে। আর বিজেপির মিত্র পাট্টালি মাক্কাল কাচ্চি (পিএমকে) নির্বাচনে ৪টি আসন পেয়েছে।

বামপন্থি দল সিপিআই এবং সিপিআই (এম) মিলিয়ে আরও ৪টি আসন পেয়েছে। তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাদের সিদ্ধান্ত আজকের মধ্যেই জানা যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি ভিসিকে এবং বাম দলগুলো বিজয়কে সমর্থন দেয় এবং কংগ্রেসও পাশে থাকে, তাহলে বিজয়ের দলের মোট আসন দাঁড়াবে ১১৯টি। এর ফলে দলটির দখলে সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১টি আসন বেশি থাকবে।

 

Read more — আন্তর্জাতিক
Home