উত্তরা প্রতিদিন
ঢাকা

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে: বাঘের গালিবাফ

বিদেশ ডেস্ক ৫ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে: বাঘের গালিবাফ

 ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। সোমবার ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ এবং প্রণালিতে ‘অবরোধ আরোপের’ অভিযোগ তোলেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পদক্ষেপ নৌপরিবহন নিরাপত্তা ও জ্বালানি সরবরাহকে বিপন্ন করছে। তবে এসব উদ্যোগ ব্যর্থ হবে। তিনি আরও বলেন, স্থিতাবস্থার ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়, আর আমরা তো সবে শুরু করেছি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এমনকি তিনি ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার’ মতো কঠোর ভাষাও ব্যবহার করেন। পারস্য উপসাগর অঞ্চলে নৌপথ নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ অভিযান শুরু করেছে। এতে আটকে পড়া জাহাজ ও নাবিকদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। তেহরান দাবি করছে, তারা প্রণালিতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, তারা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা সাতটি ইরানি ছোট নৌকা ধ্বংস করেছে এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে এসব দাবি ইরান অস্বীকার করেছে।

Read more — আন্তর্জাতিক
Home