উত্তরা প্রতিদিন
ঢাকা

বিশ্বকাপে বাংলাদেশকে না খেলানোর সিদ্ধান্ত সরকারের বড় ভুল: সাকিব

ক্রীড়া ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
বিশ্বকাপে বাংলাদেশকে না খেলানোর সিদ্ধান্ত সরকারের বড় ভুল: সাকিব

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তৈরি নিরাপত্তা উদ্বেগের জেরে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অনড় থাকায় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।

এ বিষয়ে এবার মন্তব্য করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ইউরোপে একটি টি–টোয়েন্টি টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তকে ভুল হিসেবে উল্লেখ করেন।

সাকিব বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমার মতে ভুল ছিল।

তিনি আরও বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নিতে না পারা খেলোয়াড় ও সমর্থক—দুই পক্ষের জন্যই হতাশার। সাকিবের ভাষায়, বিশ্বকাপ খেলতে না পারা আমাদের জন্য বড় ক্ষতি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে খুব ভালোবাসে, তারা জাতীয় দলকে বিশ্বমঞ্চে দেখতে চায়।

তবে বর্তমান বাংলাদেশের ক্রিকেট নিয়েও আশাবাদী তিনি। সাকিব বলেন, দল সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করছে এবং ব্যক্তিগত সাফল্যের পরিবর্তে দলীয় পারফরম্যান্সই এখন শক্তির জায়গা।

তিনি বলেন, এখন খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে নয়, দল হিসেবে ভালো করছে। নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় সেটা প্রমাণ করে। নতুন প্রজন্ম আসছে, অভিজ্ঞ খেলোয়াড়রাও আছে—ভবিষ্যৎ ভালো দেখছি।

Read more — খেলাধুলা
Home