উত্তরা প্রতিদিন
ঢাকা

বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা, ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবি

বিদেশ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা, ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবি

ফিফা বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই তৈরি হচ্ছে নতুন নতুন বিতর্ক আর শঙ্কা। সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে এই শঙ্কা আরও বেড়েছে। তাই বিশ্বকাপে ড্রোন হামলা ঠেকাতে ন্যাশনাল গার্ডকে বিশেষ ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন প্রভাবশালী কংগ্রেসম্যান। ভেন্যুগুলোতে একটি সমন্বিত কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবিও উঠেছে।

হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য মাইকেল ম্যাককল এবং এলিজা ক্রেন গত শুক্রবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি পাঠানো হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথের কাছে। কংগ্রেসম্যানরা চিঠিতে উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরের আকাশসীমা সুরক্ষিত রাখতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রিপাবলিকান কংগ্রেসের এই দুই সদস্যের মতে, বিশ্বকাপ আয়োজক দেশ ও শহরগুলোতে বিচার বিভাগীয় জটিলতা এবং জনবল ঘাটতির কারণে নিরাপত্তায় ঘাটতি দেখা দিতে পারে। তাই ন্যাশনাল গার্ডের দ্রুত মোতায়েন সক্ষমতা এবং দেশজুড়ে জরুরি পরিস্থিতিতে সাড়াদানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম’ বা ড্রোন বিধ্বংসী প্রযুক্তি পরিচালনার ওপর জোর দিয়েছেন তারা।

নিরাপত্তা নিয়ে এই উদ্বেগের মধ্যেই গত শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এক বন্দুকধারী গুলি চালালে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সোমবার হোয়াইট হাউস থেকে নিশ্চিত করা হয়েছে যে, গ্রীষ্মের এই ফুটবল আসর সম্পূর্ণ নিরাপদ থাকবে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দর্শকদের একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা দিতে চান। সেইসাথে ইতিহাসের সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত বিশ্বকাপ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

উল্লেখ্য, ইরান সংকটের জেরে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই এ বছরের ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। নিরাপত্তার চাদরে ভেন্যুগুলো ঢেকে ফেলাই এখন মার্কিন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ।

 

Read more — খেলাধুলা
Home