উত্তরা প্রতিদিন
ঢাকা

যুদ্ধ বন্ধে তিন ধাপের নতুন প্রস্তাব ইরানের

বিদেশ ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
যুদ্ধ বন্ধে তিন ধাপের নতুন প্রস্তাব ইরানের

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে তিন ধাপের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে আগ্রহী হয়, তবে এই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা এগোতে পারে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে।

প্রস্তাবের প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ভবিষ্যতে ইরান ও লেবাননে কোনো আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে।

দ্বিতীয় ধাপে, প্রথম শর্তগুলো মানা হলে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনায় বসার কথা বলা হয়েছে।

তৃতীয় ধাপে, আগের দুই স্তরে সমঝোতা হলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব রাখা হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলে মুখপাত্র অলিভিয়া ওয়ালেস বলেন, “এটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক বিষয়। সংবাদমাধ্যমে এ নিয়ে মন্তব্য করতে চাই না। প্রেসিডেন্ট আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতেই রাজি হবে যা মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে কখনও পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না।”

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২১ ঘণ্টার ওই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এরপর দ্বিতীয় দফা সংলাপের জন্য পাকিস্তানসহ বিভিন্ন দেশ উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এর মধ্যেই নতুন প্রস্তাব সামনে আনল তেহরান।

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়ায় গেছেন।

সূত্র: এএফপি, এনডিটিভি অনলাইন

Read more — আন্তর্জাতিক
Home