উত্তরা প্রতিদিন
ঢাকা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: উত্তেজনা, সংঘর্ষ ও অভিযোগে সরগরম প্রথম দফার ভোট

বিদেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: উত্তেজনা, সংঘর্ষ ও অভিযোগে সরগরম প্রথম দফার ভোট

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই নানা উত্তেজনা, সংঘর্ষ ও অভিযোগের মধ্য দিয়ে চলছে। রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় উত্তরবঙ্গের সব আসনের পাশাপাশি জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন কেন্দ্রে ভোট হচ্ছে।

সকাল থেকে বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন অশান্তি, ইভিএম বিভ্রাট, ভোটারদের অভিযোগ, রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মাথাভাঙায় তৃণমূল-বিজেপি উত্তেজনা

কোচবিহারের মাথাভাঙায় বিজেপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। এ অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল প্রার্থী সাবলু বর্মণের অভিযোগ, বুথের নির্ধারিত সীমার মধ্যে বসে বিজেপি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে। যদিও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক অভিযোগ অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

জলঙ্গিতে ইভিএম বিভ্রাট

মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের একটি বুথে ইভিএমে ত্রুটি দেখা দেওয়ায় কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে। এতে ভোটারদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়।

সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১১ শতাংশ

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে ৪৪.৬৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে ৩৮.২২ শতাংশ।

লাভপুরে বিজেপি এজেন্টের উপর হামলার অভিযোগ

বীরভূমের লাভপুরে বিজেপির এক পোলিং এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিশ্বজিৎ মণ্ডল নামে ওই এজেন্টের মাথা ফেটে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকেরা এ হামলা চালিয়েছে।

নওদায় দফায় দফায় উত্তেজনা

মুর্শিদাবাদের নওদায় সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল ও আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকদের মধ্যে। আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের গাড়িবহরে হামলা, ভাঙচুর এবং তার পথরোধের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। পরে প্রতিবাদে রাস্তার মাঝেই চেয়ার পেতে বসে বিক্ষোভ করেন হুমায়ুন কবীর।

কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ অধীরের

বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আগের মতো বুথ দখল বা ছাপ্পা ভোট দেওয়ার সুযোগ এবার কম রয়েছে।

ভোট দিতে গিয়ে জানলেন ভোট পড়ে গেছে

শিলিগুড়ির এক তরুণী ভোট দিতে গিয়ে জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এ ঘটনায় তিনি হতাশ হয়ে কেন্দ্র থেকে ফিরে যান। অভিযোগটি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।

ভোটকেন্দ্রে বৃদ্ধার মৃত্যু

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভোট দেওয়ার পর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ইসরাতন বিবি নামে ওই ভোটার ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজেপির বড় জয়ের দাবি শুভেন্দুর

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১২৫টির বেশি আসনে জয় পাবে। তার ভাষায়, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপির শক্ত অবস্থান স্পষ্ট।

শান্তিপূর্ণ ভোটের দাবি অনুব্রতের

ভোট দিয়ে বেরিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে এবং বীরভূমের সব আসনেই তৃণমূল জয়ী হবে বলে তিনি আশাবাদী।

সকাল ১১টা পর্যন্ত ২৬০ অভিযোগ

নির্বাচন কমিশনের দফতরে সকাল ১১টা পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া সি-ভিজিল অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ এসেছে।

শিলিগুড়িতে বাম-তৃণমূল সংঘর্ষ

শিলিগুড়ির একটি বুথে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুথের নির্ধারিত সীমানার মধ্যে তৃণমূল কর্মীদের প্রবেশের অভিযোগ তোলে সিপিএম।

চাঁচলে বিজেপি এজেন্টের ওপর হামলার অভিযোগ

মালদহের চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথে বিজেপির এক নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একদল দুষ্কৃতকারী তার ওপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে এবং পরনের পাঞ্জাবিও ছিঁড়ে ফেলে। আহত এজেন্টকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের দায়ী করেছে বিজেপি। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

ভোট দিতে এসে নারীর মৃত্যু

মালদহের মালতিপুর বিধানসভার ক্ষেমপুর পঞ্চায়েতের ১৫২ নম্বর বুথে ভোট দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী ভোটার। পরিবার সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রমিলা বাগদি (৫০)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভোট দিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেন, তার পোলিং এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি। প্রতিবাদ জানাতে গেলে তাকে হামলার মুখে পড়তে হয়। এ ঘটনায় তিনি তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছেন।

অগ্নিমিত্রা পালকে আটকাল পুলিশ

পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ভোটের দিনে একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি গাড়ি ব্যবহার করতে পারেন। কিন্তু অগ্নিমিত্রা পাল পাঁচটি গাড়ি নিয়ে বুথে আসায় তাকে বাধা দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

ভোট দিতে পারলেন না বিজেপি প্রার্থী

মালদার গাজোল বিধানসভা কেন্দ্রে ইভিএম বিভ্রাটের কারণে ভোট দিতে পারেননি বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। ২২৭ নম্বর বুথে মেশিনে সমস্যা দেখা দেওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ভোটগ্রহণ শুরু হয়নি। এতে সাধারণ ভোটারদের পাশাপাশি প্রার্থীও হতাশ হয়ে ফিরে যান।

ইভিএমে কারচুপির অভিযোগ বড়ঞায়

মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তৃণমূলের প্রতীকে ভোট দিলে তা বিজেপির ঘরে চলে যাচ্ছে। ১৮৬ নম্বর বুথে এই অভিযোগ ওঠে। যদিও বিজেপি এ অভিযোগকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে।

কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

মুর্শিদাবাদের রানিনগর বিধানসভার ৫৪ নম্বর বুথে কংগ্রেসের নির্বাচনী এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কর্মীদের প্রভাবেই এ ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চোপড়ায় বুথের বাইরে জটলার অভিযোগ

উত্তর দিনাজপুরের চোপড়ায় বুথের বাইরে তৃণমূল কর্মীদের জটলা করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শংকর অধিকারী। তার অভিযোগ, দেবীজোড়া এসএসকে ৭৬ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে দিচ্ছেন না প্রিসাইডিং অফিসার। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি তার।

প্রথম দফার ভোটগ্রহণ ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা থাকলেও সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া চালু রয়েছে। নির্বাচন কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অভিযোগগুলোর তদন্ত চলছে।

Read more — আন্তর্জাতিক
Home