উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

উত্তরা ডেস্ক ২১ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ
রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে (জুলাই -মার্চ) লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা। এ সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা।

আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। এ হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২৫ শতাংশের মতো। চলতি অর্থ বছরে এনবিআরের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা।

এ হিসাবে অর্থ বছরের বাকী তিন মাসে আদায় করতে হবে ২ লাখ ৬৭ হাজার ১৩৮ হাজার কোটি টাকা। এ হিসাবে এনবিআরকে গড়ে প্রতিমাসে আদায় করতে হবে প্রায় ৯০ হাজার কোটি টাকা করে। এটি অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজস্ব আদায়ে বড় ধরনের উদ্যোগের অংশ হিসাবে আয়কর, ভ্যাট ও কাস্টমস পৃথক টাস্কফোর্স গঠন করেছে এনবিআর। কিন্তু তারপরও লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ে অনেক পিছিয়ে রয়েছে সংস্থাটি।

সম্প্রতি আইএমএফ ষষ্ঠ কিস্তির ১৩০ কোটি ডলার ঋণের অর্থ ছাড় দেয়নি। এর অন্যতম কারণ হচ্ছে রাজস্ব আদায়ে পিছিয়ে পড়া।

অবশ্য রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত বছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে ১১.১৫ শতাংশ।

আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের কোনটিই তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারেনি। কাস্টমস অনু বিভাগ ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকার বিপরীতে ৮০ হাজার ২২৩ টাকা, ভ্যাট ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটির বিপরীতে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি এবং আয়কর অনু বিভাগ ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকার বিপরীতে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা আদায় করেছে।

Read more — অর্থনীতি
Home