উত্তরা প্রতিদিন
ঢাকা

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দিনেশ ত্রিবেদী

বিদেশ ডেস্ক ২০ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ণ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দিনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। তিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা। তার নিয়োগের বিষয়টি বর্তমানে বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে দিল্লি।

দিনেশ ত্রিবেদীর বয়স এখন ৭৫ বছর। তিনি ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। দেশটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

দিনেশ ত্রিবেদীর ঢাকায় নিয়োগ হলে ভারতের প্রথম কোনো রাজনীতিবিদ, যিনি বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পাবেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সময় ঢাকা-দিল্লির সম্পর্ক অবনতি হয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এমন সময়ে রাজনীতিক দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার।

Read more — আন্তর্জাতিক
Home