উত্তরা প্রতিদিন
ঢাকা

এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের ৩০ নেতা-কর্মী

উত্তরা ডেস্ক ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের ৩০ নেতা-কর্মী

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) ৩০ জন নেতা-কর্মী যোগ দিয়েছেন। রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। যোগদানকারীদের মধ্যে রয়েছেন— আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নাহিদ ইসলাম বলেন, কারও পূর্ব রাজনৈতিক পরিচয় এনসিপিতে বিবেচ্য নয়। তবে ফ্যাসিবাদ, গণহত্যা, দুর্নীতি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে দলে নেওয়া হবে না। নতুন যোগদানকারীদের তিনি দলের আদর্শ ধারণ করে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ভিন্ন প্ল্যাটফর্মে থাকলেও সবাই একই লক্ষ্য নিয়ে কাজ করছিলেন, এখন আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছেন। দেশের তরুণসহ সব শ্রেণির মানুষকে এনসিপিতে যোগ দিয়ে সংস্কার কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় আসিফ মাহমুদ বলেন, গণ-অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন, সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাদের মধ্যে ঐক্য গড়ে উঠছে।

Read more — রাজনীতি
Home