উত্তরা প্রতিদিন
ঢাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, তবে চুক্তি বহুদূর: ইরান

উত্তরা ডেস্ক ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
 যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, তবে চুক্তি বহুদূর: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি হলেও একটি চুক্তিতে পৌছাঁতে যুক্তরাষ্ট্রকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করেন। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে, ‘কিন্তু এখনও অনেক অমিল এবং কিছু মৌলিক বিষয় অমীমাংসিত রয়েছে।’ ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধ শেষ করার লক্ষে অনুষ্ঠিত আলোচনায় তেহরানের অন্যতম আলোচক গালিবাফ বলেন, ‘আমরা এখনও চূড়ান্ত আলোচনা থেকে অনেক দূরে’। দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করা না হলে আগামী ২২ এপ্রিল (বুধবার) তা শেষ হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে, তবে তিনি যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেল’ করার চেষ্টার বিরুদ্ধে তেহরানকে সতর্ক করেছেন। শুক্রবার, লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর তেহরান হরমুজ প্রণালীকে খুলে দিয়েছে বলে ঘোষণা করে। এই প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। এর ফলে বিশ্ববাজারে উচ্ছ্বাস দেখা দেয় এবং তেলের দাম ব্যাপকভাবে কমে যায়, কিন্তু বৃহত্তর যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর অবরোধ অব্যাহত থাকবে বলে ট্রাম্প জোর দেওয়ায়, তেহরান জানায় যে তারা প্রণালীটি আবারও বন্ধ করে দিচ্ছে। বাঘের গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালীতে যান চলাচল অবশ্যই সীমিত হয়ে যাবে’। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, যাকে ক্ষমতা গ্রহণের পর থেকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি, তিনি ইতোমধ্যে এক লিখিত বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে ইরানের নৌবাহিনী ‘প্রস্তুত রয়েছে’। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘একটু বেশি চালাকি’ বলে অভিযুক্ত করেছেন এবং হরমুজ প্রণালীর বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে ওয়াশিংটনকে ‘ব্ল্যাকমেল’ করার চেষ্টা না করার জন্য তেহরানকে সতর্ক করেছেন। ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে খুব ভালো আলোচনা চলছে’ এবং যুক্তরাষ্ট্র ‘একটি কঠোর অবস্থান নিচ্ছে’। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করেছে যে, অনুমতি ছাড়া প্রণালীটি অতিক্রম করার যেকোনো প্রচেষ্টাকে ‘শত্রুকে সহযোগিতা করা হিসেবে গণ্য করা হবে এবং লঙ্ঘনকারী জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হবে’। সূত্র: জিও নিউজ

Read more — আন্তর্জাতিক
Home