উত্তরা প্রতিদিন
ঢাকা

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান!

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান!

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো একজন নারী সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, বর্তমানে চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল আগামী জুলাই মাসে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী এই গুরুত্বপূর্ণ পদে আসীন হতে যাচ্ছেন, যা দেশের জন্য একটি মাইলফলক।

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগকে “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করে বলেন, এটি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ও আগ্রহী নারীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

৫৫ বছর বয়সী সুসান কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। তার এই নিয়োগের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর যে কোনো সার্ভিস শাখার নেতৃত্বদানকারী প্রথম নারী হতে যাচ্ছেন।

বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স-এ নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ, যেখানে উচ্চপদে নারীদের উপস্থিতি ১৮.৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

এদিকে নৌবাহিনীর বর্তমান প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক হ্যামন্ডকে নতুন প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অ্যাডমিরাল ডেভিড জনস্টনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিশ্লেষকদের মতে, এই নিয়োগ শুধু প্রতিরক্ষা কাঠামোতেই নয়, বরং নারী নেতৃত্বের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

 

Read more — আন্তর্জাতিক
Home