উত্তরা প্রতিদিন
ঢাকা

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ কিছু কেন্দ্র থেকে তাঁর এজেন্ট বের করে দেওয়াসহ জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপিসহ জামায়াতের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, বেলা ২টা পর্যন্ত এই আসনে ৩৯ শতাংশ ভোট পড়েছে। আজ সকাল সাড়ে ৭টায় উৎসবমুখর পরিবেশে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এদিকে শ্রীবরদী সরকারি কলেজে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হন। এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হচ্ছেন বিএনপি মনোনীত সাবেক তিনবারের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) মিজানুর রহমান। উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়।

Read more — রাজনীতি
Home