উত্তরা প্রতিদিন
ঢাকা

ইসফাহানে বাঙ্কার বাস্টার দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক ৩১ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
ইসফাহানে বাঙ্কার বাস্টার দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ইসফাহান শহরে দুই হাজার পাউন্ড ওজনের বাঙ্কার বাস্টার বোমা দিয়ে একটি বড় গোলাবারুদের ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৩০ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি ভয়াবহ বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন, ইসফাহান শহরে হামলার ফুটেজে একের পর এক বিস্ফোরণ এবং এরপর ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা যায়।

হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয় বলে ওই কর্মকর্তা জানান। এই কর্মকর্তা দাবি করেন, ভিডিওটিতে হামলার দৃশ্য ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, গত এক মাসে তাদের বাহিনী ইরানের ১০ হাজারেরও বেশি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান-সম্পর্কিত তিন হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

প্রতিবেদনে দাবি করা হয়, এই হামলার ফলে একাধিক শক্তিশালী দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা এলাকাজুড়ে বিশাল অগ্নিগোলক ও কম্পন তরঙ্গ ছড়িয়ে দেয়।

যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করায় এই হামলা পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। যদিও পাকিস্তান, মিশর, সৌদি আরব এবং তুরস্ক একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে বৈঠকে বসেছে।

সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে যে, ইরান আনুমানিক ৫৪০ কেজি পরিমাণ ইউরেনিয়ামের মজুদ ইসফাহানের একটি ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। গত বছর গ্রীষ্মে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ যুক্তরাষ্ট্রের হামলায় শহরটি লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে নিশানা করা।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, একটি ‘নতুন ও আরও যুক্তিসঙ্গত শাসনব্যবস্থার’ সঙ্গে আলোচনার মাধ্যমে যদি কোনো চুক্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার ব্যবস্থা না হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস করে দেবে।

যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি পরিকল্পনাকে মূলত ‘অতিরিক্ত, অবাস্তব ও অযৌক্তিক দাবি’ বলে ইরান মন্তব্য করার পর প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য পোস্ট করেন।

ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু বারবার অভিযোগ করছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। যদিও জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা এই দাবিকে সমর্থন করেনি।

 

Read more — আন্তর্জাতিক
Home